রবীন্দ্রনাথের ছোটগল্পে মম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১০:৪৬
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘একরাত্রি’র কাহিনী নিয়ে নির্মিত নাটকে অভিনয় করছেন জাকিয়া বারী মম ও সুজাত শিমুল। সম্প্রতি মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়িতে নাটকটির শ্যুটিং সম্পন্ন হয়েছে। আর পরিচালনায় রয়েছেন অঞ্জন আইচ।
 
নাটকের গল্পে দেখা যায়, সুরবালার সঙ্গে নীলের ভালো সম্পর্ক ছিলো। নীল চলে যায় কলকাতায়। সেখানে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে। বারবার বাড়িতে যেতে বললেও নীল যায়নি।
 
এরমধ্যে সুরবালাকে তার পরিবার ধনী আইনজীবী রামলোচন বাবুর সঙ্গে বিয়ে দেয়। কয়েক বছর পর স্কুলের চাকরি নিয়ে নীল আসে রামলোচনের বাড়িতে। সেখানে এসে দেখা হয়ে যায় সুরবালার সঙ্গে।
 
সুরবালা চরিত্রে জাকিয়া বারী মম, নীলের ভূমিকায় সুজাত শিমুল ও রামলোচন চরিত্রে মামুনুর রশীদ ছাড়াও দেখা যাবে এসএম মহসীন, রিমি করিমকে। খুব শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে ‘একরাত্রি’ নাটক।
 
ইত্তেফাক/এমএআর