অবশেষে ‘ঢাকা অ্যাটাক’র শ্যুটিং শেষ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১২:১৪
চলতি বছরের জানুয়ারিতে আরিফিন শুভ ও মাহিয়া মাহির 'ঢাকা অ্যাটাক' ছবির শুটিং শুরু হয়। অবশেষে শেষ হলো আলোচনায় জায়গা করে নেয়া চলচ্চিত্রটির শ্যুটিং পর্ব। গত শনিবার শেষ দিনের শুটিং অনুষ্ঠিত হয় ঢাকার অদূরে গাজীপুরের কালিয়াকৈরে। সিনেমাটির পরিচালনা করছেন দীপংকর দীপন।
 
গতকাল ৪ ডিসেম্বর ঢাকা অ্যাটাকের অফিসিয়াল ফেসবুক পেজে উল্লেখ করা হয়েছে, ‘জানুয়ারির ১৫ তারিখে শুরু হয় বাংলাদেশ পুলিশের প্রথম থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’ ছবির শুটিং। শেষ হলো ছবিটির শুটিং,  শ্যুটিংয়ে ছিলেন আরিফিন শুভ, এবিএম সুমন ও সোয়াট টিমের সদস্যরা।’
IMG0
দীপন বলেন, অবশেষে ছবির শুটিং শেষ করলাম। ছবির ছোট ছোট বিষয় থেকে শুরু করে সব ক্ষেত্রে বেশ গুরুত্ব দিয়ে কাজ করেছি। তাই এর শুটিং শেষ করতে একটু সময় লেগে গেল। এখন আমরা এডিটিং ও ডাবিংয়ের কাজ শুরু করব। জানুয়ারিতে শুরু হবে এর ডাবিং।
 
‘ঢাকা অ্যাটাক’ এ শুভ ও মাহির পাশাপাশি আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, আলমগীর, আফজাল হোসেন, লায়লা হাসান, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, নওশাবা প্রমুখ। ছবির সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে আছে বাংলাদেশ পুলিশ বাহিনী।
 
উল্লেখ্য, গত ২২ নভেম্বর ইউটিউবে মুক্তি পেয়েছে অফিসিয়াল ফার্স্ট লুক।
ইত্তেফাক/এমএআর