পেট্রোল বোমার আঘাতে আহত সুমন এখন কর্মহীন, মানবেতর জীবনযাপন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১২:৩১
বিএনপি-জামায়াতের হরতাল অবরোধে পেট্রোল বোমার আঘাতে ঠাকুরগাঁওয়ের আহত সুমন এখন কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন।
 
সুমন আলী ঠাকুরগাঁও পূর্ব গোয়ালপাড়া এলাকার মৃত মুক্তিযোদ্ধা মোজাহারুল ইসলামের ছেলে। দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় তারা বাবা মারা যান। এরপর তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। এরপর থেকেই অভাবের সংসারে হাল ধরতে সুমন কর্মময় জীবনে প্রবেশ করে। জীবনের তাগিদে জীবনের পথ পরিক্রমায় তাকে অনেক ধরনের কাজ করতে হয়েছে।
 
একপর্যায়ে সুমন একটি ফার্মের ট্রাকের হেলপার হিসেবে কাজ শুরু করেন। ২০১৫ সালের ২১ জানুয়ারি বিএনপি-জামায়াতের হরতাল অবরোধে ট্রাক নিয়ে বীরগঞ্জ বটতলী এলাকায় পৌঁছালে কিছু দুর্বৃত্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় সুমন আলী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
 
মাস খানেক পর সুমন কিছুটা সুস্থ হলেও তার ডান চোখ নষ্ট হয়ে যায়। পরবর্তীতে ওই ফার্মে ট্রাকের হেলপারের কাজে যোগদান করতে পারেননি তিনি। তারপর পর থেকে সুমন কর্মহীন হয়ে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
 
জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দফতরে সহায়তার আবেদন করলে তাকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়। কিন্তু সেই অর্থ দিয়ে সুমন পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।
 
সুমন আলী বলেন, ‘কোথাও কাজ পাচ্ছি না। সরকার যদি আমাকে কিছু সহযোগিতা বা কর্মের ব্যবস্থা করত তাহলে স্ত্রী সন্তানদের নিয়ে কিছু করে খেয়ে বেঁচে থাকতে পারতাম।’
 
তিনি আরো বলেন, ‘আমার বড় মেয়ে এবার পিএসসি পরীক্ষা দিয়েছে গোয়ালপাড়া শাপলা প্রাথমিক বিদ্যালয় থেকে, মেঝ মেয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ছে। কারো সহযোগিতা না পেলে হয়তো তাদের আর পড়াশোনা করাতে পারবো না।’
 
কাউন্সিলর নজরুল ইসলাম বলেন, ‘বিএনপি-জামায়াতের অবরোধে সুমন আহত হয়ে চোখ হারিয়েছে। সে বর্তমানে কোনো কাজ কর্ম করতে পারছে না। পেট্রোল বোমা হামলায় আহতদের সরকার যেভাবে সহযোগিতা করেছে সে পরিমাণ সহায়তা দেয়া হলে হয়তো সুমন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন।’
 
ইত্তেফাক/এএসএমইউ