নবীগঞ্জে স্কুলছাত্রের গলা কাটা লাশ উদ্ধার

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৫
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ক্রাইমজোন হিসাবে খ্যাত দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামে ৮ম শ্রেণীর এক ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।
 
সোমবার সকাল সাতটার দিকে নবীগঞ্জ থানার একদল পুলিশ স্থানীয় জোয়াল ভাঙ্গা হাওর থেকে লাশটি উদ্ধার করে। নিহত শাহনাজ মিয়া (১৬) বোয়ালজুর গ্রামের কৃষক ইউনুস মিয়ার ছেলে। সে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ৮ম শ্রেনীর ছাত্র ছিল।
 
পরিবারের লোকজনের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে তাকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বোয়ালজুর গ্রামে টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
নিহত শাহনাজের মা ময়না বিবি জানান, রবিবার রাত ১০টার দিকে তার ছেলে শাহনাজকে ফুটবল খেলার পোষ্টার লাগানোর জন্য ঘর থেকে ডেকে নেয় একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জসিম আহমদ লিজুসহ সহপাঠীরা। এরপর শাহনাজ আর বাড়িতে ফিরে আসেনি। সারা রাত শাহনাজের পরিবারের লোকজন তাকে গ্রামের বিভিন্নস্থানসহ আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে সোমবার সকাল সাতটার দিকে স্থানীয় জোয়াল ভাঙ্গা হাওরে শাহনাজের গলা কাটা লাশা পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠায়।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন খাঁন বলেন, ‘এ ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।’
 
উল্লেখ্য, উপজেলার ক্রাইমজোন হিসাবে খ্যাত বোয়ালজুর গ্রামে দুই পক্ষের মধ্যে যুগ যুগ ধরে পূর্ব শত্রুতার জেরে একের পর এক খুন, রাহাজানি ও একাধিক হামলা-মামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি একটি হত্যা মামলায় পাঁচ আসামির ফাঁসিসহ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় আদালত।
 
ইত্তেফাক/এএসএমইউ