বিভিন্ন দেশের কারাগারে ৯৯৬৭ বাংলাদেশি বন্দি

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৯:৩১
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিভিন্নদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রাপ্ত সর্বশেষ তথ্যানুযায়ী নানা ধরনের  অপরাধের সঙ্গে জড়িত হয়ে ৯ হাজার ৯৬৭ জন বাংলাদেশি নাগরিক বিভিন্ন দেশে বন্দি রয়েছে। 
 
সোমবার তিনি সংসদে জাতীয় পার্টির মো. নুরুল ইসলাম ওমরের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।  
 
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আটক বাংলাদেশির মধ্যে মিয়ানমারে ৫৭ জন, সিঙ্গাপুর ৮৭, নেপাল ১২, যুক্তরাষ্ট্র ২৬, ভারত ২ হাজার ৬৯৭, গ্রীস ১২৩, জাপান ৬৫, থাইল্যান্ড ২৩, পাকিস্তান ১৯, ফ্রান্স ৪৬, যুক্তরাজ্য ২১৮, কাতার ১১২, সৌদি আরব ৭০৩, জর্ডান ৪৭, মিশর ৫, দ. কোরিয়া ১৬, তুরস্ক ৩৬, জর্জিয়া ২৬, কিরগিজস্তান ১, ওমান ১ হাজার ৪৮, দ. আফ্রিকা ৩০, বাহরাইন ৩৭০, লেবানন ২, মালয়েশিয়া ২ হাজার ৪৬৯, চীন ৫, হংকং ২৪, মঙ্গোলিয়া ১, সংযুক্ত আরব আমিরাত ১ হাজার ৯৮, ব্রুনাই ৫, ইতালি ৫১, ইরাক ১২১, মরিশাস ৭, মেক্সিকো ৯৭, আজারবাইজান ৬, মরক্কো ২, দক্ষিণ আফ্রিকা ১১, ব্রাজিল ১, অস্ট্রেলিয়া ৩৯ ও কুয়েতে ২৬১ জন। 
 
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, কোন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারাগারে আটক থাকা বাংলাদেশি নাগরিকের বিষয়ে অবহিত করলে বা অন্য কোন মাধ্যমে সংবাদ পেলে তা যাচাইপূর্বক বাংলাদেশ দূতাবাস সে দেশের কারাগারে আটক বাংলাদেশির বিষয়ে নিশ্চিত হয় এবং কনস্যুলার একসেস-এর মাধ্যমে তাদের সঙ্গে সাক্ষাত করে ও প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করে।-বাসস।
 
 
ইত্তেফাক/এমআর/ইউবি