ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি দেয়ায় বাংলাদেশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
সোমবার সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সেদেশে সফররত বাংলাদেশের ১০০ সদস্যের ইয়ুথ ডেলিগেশন টিম সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। ডেলিগেশন টিমের সদস্যের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি বক্তব্যও দেন প্রণব মুখার্জি।
ভারতের রাষ্ট্রপতির বলেন, সেই ব্রিটিশ আমল থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক। এই দুই দেশের শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক বিকাশে তরুণদের নিয়ে এগিয়ে যেতে হবে।
২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়া সম্মানসূচক ডিগ্রির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন তিনি।
‘হান্ড্রেড-মেম্বার বাংলাদেশি ইয়ং ডেলিগেশন’ নামে এ টিমে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন গণমাধ্যমের তরুণ সাংবাদিক ছাড়াও রয়েছেন তরুণ প্রকৌশলী, শিল্পী ও মঞ্চকর্মী।
ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আমন্ত্রণে রবিবার ভারত সফরে গেছেন ইয়ুথ ডেলিগেশন টিমের সদস্যরা। টিমে রয়েছেন ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ৫০ জন পুরুষ এবং ৫০ নারী সদস্য।
সফরে ভারতের ইতিহাস-ঐতিহ্যে অত্যন্ত সমৃদ্ধ রাজধানী নয়াদিল্লি, আগ্রা, আহমেদাবাদ ও কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন তারা। ২০১২ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে সফল বাংলাদেশের ১০০ তরুণকে এ সুযোগ দিয়ে আসছে ভারত।
ইত্তেফাক/ইউবি
