২০ ডিসেম্বর থেকে মাঠে থাকবে আইন-শৃংখলা বাহিনী

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ২৩:৩৪
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে পুলিশ, এপিবিএন, আনসার, র্যাব এবং বিজিবি সদস্যদের দিয়েই নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনকে সামনে রেখে আগামী ২০ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা। সশস্ত্র বাহিনীর সদস্যদের মাঠে রাখছে না কমিশন। তবে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারকে উপস্থিত থাকতে অনুরোধ জানান হয়েছে।
 
নির্বাচন কমিশন সূত্র জানায়, দেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া এ সিটি করপোরেশন নির্বাচনের প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২৪ জন ও সাধারণ কেন্দ্রে ২২ জন নিরাপত্তাকর্মী রাখার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১২ জন অস্ত্রধারী ও সাধারণ কেন্দ্রে ১০ জন অস্ত্রধারী থাকবেন। গত রবিবার নির্বাচন নিয়ে ইসির এ পরিকল্পনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ইসির এক কর্মকর্তা জানান, নাসিক নির্বাচনে বিএনপি সেনা মোতায়েনের দাবি জানালেও আপাতত তা আমলে নিচ্ছে না কমিশন। এ নির্বাচনের ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনে ইসির প্রস্তাবিত পরিকল্পনায় সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে কোনো প্রস্তাব করা হয়নি। আগামী ১০ ডিসেম্বর আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে ইসি। নির্বাচনে সেনা মোতায়েনে এখনও কোনো পরিকল্পনা না থাকলেও বৈঠকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ইত্তেফাক/এএন