দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইয়ের অভিশংসন প্রায় নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার তার ক্ষমতাসীন দলের ভিন্নমত পোষণ করা আইনপ্রণেতারা পার্ককে ক্ষমতাচ্যুত করতে বিরোধী দলের অভিশংসনের উদ্যোগের প্রতি সমর্থন জানাবেন বলে ঘোষণা দেয়া হয়।
পার্কের বিরুদ্ধে বিরোধী দলের অভিশংসনের উদ্যোগ নিয়ে আগামী শুক্রবার জাতীয় পরিষদে ভোটাভুটি হতে যাচ্ছে। এ পদক্ষেপের ক্ষেত্রে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ক্ষমতাসীন সায়েনুরি দলের প্রায় ৩০ আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন।
ক্ষমতাসীন দল প্রাথমিকভাবে জোর দিয়ে বলেছিল, পার্ককে স্বেচ্ছায় পদত্যাগ করার সুযোগ দেয়া হবে এবং সময়সীমা বেধে দিয়ে প্রেসিডেন্টের মেয়াদ পূর্তির ১০ মাস বাকি থাকতেই এপ্রিল মাসের মধ্যেই তাকে পদত্যাগের প্রস্তাব দেয়া হয়েছিল।
পার্ক বিরোধী অব্যাহত বিক্ষোভ-সমাবেশের পরও তিনি দেশ চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে তিনি ক্ষমতাসীন দলের ভেতরের দলাদলিকে পাত্তা দিচ্ছেন না। শনিবার সিউলের রাজপথে সর্বশেষ সাপ্তাহিক সমাবেশে মানুষের ঢল নামতে দেখা যায়। এ সমাবেশে প্রায় ১৬ লাখ লোক অংশ নেয় বলে ধারণা করা হচ্ছে।
ক্ষমতাসীন দলের ভিন্নমত পোষণ করা আইনপ্রণেতা হোয়াং ইয়ং-চিউল বলেন, দফায় দফায় আলোচনার পর প্রেসিডেন্টের এপ্রিল মাসে ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার ব্যাপারে আমরা যে সিদ্ধান্তে উপনীত হই দেশের জনগণ ইতোমধ্যে তা প্রত্যাখান করেছে।
হোয়াংয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, ‘অভিশংসন নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেয়া হয়েছে।’ হোয়াংয়ের হিসাব অনুযায়ী, ক্ষমতাসীন দলের প্রায় ৩৫ আইনপ্রণেতা এ পদক্ষেপের প্রতি সমর্থন জানাবেন। বাসস
ইত্তেফাক/এমএইচ
