মুফতি হান্নানের আপিলের রায় বুধবার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৪:১০
 
সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলা মামলায় হাইকোর্টের মৃত্যুদণ্ড বহালের রায়ের বিরুদ্ধে মুফতি হান্নানের করা আপিল শুনানি শেষ হয়েছে। বুধবার রায়ের দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
 
মঙ্গলবার  প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন। 
 
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
 
২০০৪ সালের ২১ মে সিলেটের হজরত শাহজালালের (র.) মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। এতে পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত ও অর্ধশতাধিক আহত হন।  
 
মামলার বিচার শেষে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত মুফতি হান্নানসহ তিনজনকে মৃত্যুদণ্ড ও বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। পরে বিচারিক আদালতের দণ্ড বহাল রেখে গত ১১ ফেব্রুয়ারি এই রায় ঘোষণা করা হয়। হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হওয়ার পর আপিল করেন আসামিরা।
 
ইত্তেফাক/এএসএস