হিমেশের সঙ্গে গাইলেন সালমান প্রেমিকা ইউলিয়া

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৬:১০
কয়েকদিন ধরে বলিউডে বেশ জোরেসরে গুঞ্জন রটেছিল সালমান প্রেমিকা ইউলিয়া ও হিমেশকে নিয়ে। এবার বোঝা গেল কেন তারা একসঙ্গে ছিলেন। ইউলিয়া ভেনচুর সংগীতশিল্পী-অভিনেতা হিমেশের সঙ্গে গান গেয়েছেন। আর এজন্য একসঙ্গে দেখা গেছে তাদের।
 
গত ৩ ডিসেম্বর গানটির একটি মেকিং টিজার ইউটিউবে প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে হিমেশের পরবর্তী অ্যালবাম ‘আপ সে মৌসিকি’-এর গানে কণ্ঠ দিয়েছেন ইউলিয়া। জি-নিউজ জানিয়েছে, গানটির শিরোনাম ‘এভরি নাইট অ্যান্ড ডে’। মেকিং টিজার মুক্তি পেলেও শিগগিরই পুরো ভিডিও মুক্তি দেওয়া হবে। পুরো গানটি হিন্দিতেই রেকর্ড করা হয়েছে।
 
রোমানিয়ান এ মডেলিং সুন্দরীর গানের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন হিমেশ। তার মতে, ‘ইউলিয়ার গলা দেবদূতের মতোই এবং বেশ পেশাদার।’
হিমেশ জানিয়েছেন, মাত্র দুই ঘণ্টাতেই গানটির রেকর্ড করা হয়েছে। আর সম্ভব হয়েছে ইউলিয়ার পেশাদারিত্বের কারণে।
 
এদিকে  গানটির টিজার নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ইউলিয়া গান গেয়ে সবাইকে চমকে দিয়েছেন। অনুষ্ঠানে সালমানের ‘বডিগার্ড’ ছবির গান ‘তেরি মেরি’-এর রোমানিয়ান মূল গান গেয়ে শোনান।
ইত্তেফাক/এমএআর