ছিনতাইয়ের শিকার কুখ্যাত ড্রাগ লর্ড এসকোবারের ভাড়াটে খুনি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৬
ছিনতাইয়ের শিকার হয়েছেন কলম্বিয়ার প্রয়াত কুখ্যাত ড্রাগ লর্ড পাবলো এসকোবারের ভাড়াটে খুনি জন জাইরো ভেলাসকুয়েজ। ৩০০ মানুষকে হত্যার দায়ে ২২ বছর সাজা কাটানো ভেলাসকুয়েজ এসকোবারের শহর মেডেলিনেই ছিনতাইয়ের শিকার হয়েছেন।
 
পাপাই নামে পরিচিত ভেলাসকুয়েজ বলেছেন, দুইজন মোটর সাইকেলে করে এসে তার গাড়ি থামিয়ে মাথায় বন্দুক ধরে। এবং তখন তার বিলাসী দুটি সানগ্লাস, দুটি সোনার ব্রেসলেট ও মোবাইল ফোন নিয়ে যায় তারা। ৩০০ জনকে হত্যার কথা স্বীকার করা ভেলাসকুয়েজ ২২ বছর কারাদণ্ড শেষে ২০১৪ সালে মুক্তি পেয়েছেন।
 
ড্রাগ লর্ড এসকোবারের অধীনে কাজ করার সময়ে ১৯৮০ থেকে ১৯৯০ পর্যন্ত ৩০০০ মানুষ হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা ছিল তার। ভেলাসকুয়েজ জানিয়েছেন, এই নিয়ে দ্বিতীয়বার তিনি ছিনতাইয়ের শিকার হলেন। কিন্তু পুলিশ জানিয়েছে, এই বিষয়ে তিনি কোনো অভিযোগ দায়ের করেনি। টিভি সিরিজ নারকোস এর বদৌলতে পাবলো এসকোবার ও তার সহযোগীদের নৃশংসতা বর্তমানে নতুন করে আলোচিত হচ্ছে।
 
মেডেলিন শহরের মেয়রের সমালোচনা করে তিনি বলেন, মেয়র একটা নির্বোধ, এই শহর এখন এই মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীদের নিয়ন্ত্রণে। জবাবে মেয়র গুতিয়েরেজ টুইটারে দেয়া পোস্টে বলেন, এটা খুবই বিস্ময়কর যে মানুষটি এত বেশি ক্ষয়ক্ষতির জন্য দায়ী সে নৈতিকতার লেকচার দিচ্ছে।
 
টুইটারে এই সংবাদ বেশ আলোড়ন তুলেছে। একজন টুইটার পোস্টে মজা করে লিখেছেন, এই গরীবের দামি কার্টিয়ার সানগ্লাস আমাদের চাঁদা তুলে কিনে দেয়া উচিত। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ