‘বিএনপির ষড়যন্ত্র জামায়াতের চেয়েও ভয়ংকর’

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৮:৫০
যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সময়ের আবর্তে ক্রমাগত প্রজ্ঞা ও দূরদর্শী হয়ে ওঠা এক নেত্রী। 
 
তিনি বলেন- মুখে বলা, বিবৃতি দেওয়া, টকশোতে সুন্দর সুন্দর কথা বলা, মিথ্যা বলে বিভ্রান্ত করা, মানুষ যোগার করে ভাষণ দেওয়া আর কাজ করে দেখানো ভিন্ন বিষয়। মুখে যত কথাই বলুক, মাঠে-ময়দানে জিরোপ্রায় বিএনপি ষড়যন্ত্রে জামায়াতের চেয়েও ভয়ংকর। 
 
আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচার-কার্য পরিচালনার জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের দিক নির্দেশনা সভায় তিনি এসব কথা বলেন। 
 
বঙ্গবন্ধু এভিনিউস্থ হোটেল ইম্পেরিয়াল এর ৮ম তলার হলরুমে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। পরিচালনা করেন যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হারুনুর রশীদ।
 
ফারুক চৌধুরী বলেন, ‘কয়েকবার দেশ শাসনে থাকায় প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রেও তাদের এজেন্ট আছে। তারা যেহেতু রাজনীতি করে, রাজনীতিক দল সব জায়গায় তাদের লোক থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু এজেন্ট থাকাটা ভয়ংকর, এরা নিয়মের তোয়াক্কা করে না। অতীত বলে এদের রাজনীতির শুরুই অনিয়ম ও হত্যার ভিতর দিয়ে। আজ তাই মহাজোটের নামে গঠিত সরকারের কোথায় ঘাপটি মেরে আছে তা বলা মুশকিল। সেজন্য সদা সতর্ক সচেতন থাকতে হবে।’
 
যুবলীগ চেয়ারম্যান আরো বলেন, ‘নাসিক নির্বাচন আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই নির্বাচনে কেন্দ্র থেকে একজন দক্ষ ও ইমেজ সম্পন্ন ব্যক্তি সদ্য বিদায়ী নারায়ণগঞ্জের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে মনোনয়ন দেয়া হয়েছে। তাই দলের স্বার্থে সবাইকে আইভীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
 
 
ইত্তেফাক/এমআই