স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকারি নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের আগে দেশের জনসাধারণের চিকিৎসা করতে হবে, পরে প্রাইভেট প্র্যাকটিস করবে। চিকিৎসক সেবাকে মহান ব্রত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের চিকিৎসা সেবার ক্ষেত্রে দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ভবনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়াধীন পরিবার পরিকল্পনা অধিদফতরের মেডিকেল অফিসার (নন-ক্যাডার) পদে নিয়োগকৃতদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
নতুন মেডিকেল অফিসারদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা যদি গ্রামে তাদের কর্মস্থলে থাকতে পারেন তাহলে চিকিৎসকরাও মানুষের সেবায় গ্রামে গিয়ে থাকতে পারবেন। সেবার মর্যাদা রক্ষায় সবার আগে তাদের কাজ করে যেতে হবে।
তিনি বলেন, চিকিৎসা মহান পেশা। এটি দাম দিয়ে কেনা যায় না। কোন চিকিৎসকের কোথায় পদায়ন হবে এই চর্চা না করে চিকিৎসা সেবার মতো মহান পেশায় নিজেকে নিয়োজিত করার মানসিকতা তৈরি করতে হবে।
ইত্তেফাক/এমআই
