আইন করে বোরকা নিষেধের ডাক দিলেন মার্কেল

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ২০:২২
জার্মানিতে যেখানে সম্ভব আইন করে বোরকা নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। আরো দুই বছরের জন্য চ্যান্সেলর নির্বাচনের প্রচারণা শুরুর সময় দেয়া ভাষণে যোগ করেন, গত বছরের মতো অভিবাসী নিয়ে যে সংকট তৈরি হয়েছে তার যেন আর পুনরাবৃত্তি না হয়।
 
জার্মানির পশ্চিমাঞ্চলের শহর এসেনে তার রাজনৈতিক দলের দুই দিনের কংগ্রেসে বলেন, জার্মান আইনের গুরুত্ব শরীয়াহ আইনের উপরে। পুরোপুরি মুখঢাকা বোরকা আইন করে যেখানে সম্ভব নিষিদ্ধ করতে হবে। মার্কেলের রাজনৈতিক দল ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন আবারো তাকে দলীয় প্রধান নির্বাচিত করার কথা।
 
১১ বছর ধরে জার্মানির নেতৃত্বে থাকা মার্কেল গত মাসে চতুর্থ মেয়াদে নির্বাচনের কথা নিশ্চিত করেন। শরণার্থী ও অভিবাসন নীতিতে তার নমনীয় অবস্থানের জন্য এবারের নির্বাচনটিই যে সবচেয়ে কঠিন হতে যাচ্ছে সেটি তিনি স্বীকার করেছেন। ২০১৫ সালে প্রায় ৯ লক্ষ অভিবাসীকে আশ্রয় দিয়েছে জার্মানি। মঙ্গলবার এই ইস্যুতে তিনি বলেন, এমনটির আর যেন কখনো পুনরাবৃত্তি না হয়। এটাই আমাদের এবং আমার ঘোষিত রাজনৈতিক লক্ষ্য।
 
এর আগে গত আগস্টে জার্মান সংবাদপত্রের সঙ্গে সাক্ষাতকারে মার্কেল বলেছিলেন, আমার মতে সম্পূর্ণ মুখঢাকা কোনো নারীর জার্মান সমাজের সঙ্গে সফলভাবে একাত্ম হওয়ার সম্ভাবনা নেই। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ