বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট বিল '১৬ পাস

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ২১:৪৪

কৃষিতে উচ্চ উৎপাদনশীলতা অর্জন, গবেষণা ও উদ্ভাবনে অবদানের জন্য পুরস্কার প্রদান, তহবিল গঠন, পরিচালনা এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান করে মঙ্গলবার জাতীয় সংসদে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট বিল-২০১৬ সংশোধিত আকারে পাস করা হয়েছে।

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিলটি পাসের প্রস্তাব করেন। বিলে যথা শিগগির সম্ভব গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট নামে একটি ট্রাস্ট প্রতিষ্ঠার বিধান করা হয়েছে।

বিলে ট্রাস্টের কার্যালয়, পরিচালনা ও প্রশাসন, ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য, ট্রাস্টের তহবিল, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, কমিটি গঠন, হিসাব রক্ষণ ও নিরীক্ষা, বিধি, প্রবিধি প্রণয়নসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধান করা হয়েছে। বিলে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট তহবিল নামে ট্রাস্টের একটি তহবিল গঠনের বিধান করা হয়েছে।

এছাড়া বিলে কৃষিমন্ত্রী বা প্রতিমন্ত্রী অথবা উপমন্ত্রীকে চেয়ারম্যান করে ১১ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠনের বিধান করা হয়েছে। বিলে বোর্ডের ক্ষমতা ও কার্যাবলী, ট্রাস্টি বোর্ডের সভাসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধান করা হয়েছে। বিলে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার তহবিল অধ্যাদেশ-১৯৭৬ রহিত করা হয়েছে।

জাতীয় পার্টির ফখরুল ইমাম, কাজী ফিরোজ রশীদ ও স্বতন্ত্র সদস্য আব্দুল মতিন বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে দু'টি সংশোধনী গ্রহণ করা হয়। বাকী প্রস্তাবগুলো তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। -বাসস।

ইত্তেফাক/এসএস