সখীপুরে চাঁদা তুলে সড়ক মেরামত করল এলাকাবাসী

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ০১:৪৯

সখীপুর উপজেলার দক্ষিণ আড়াইপাড়া, নিশ্চিতপুর, ডাবাইলপাড়া, পাথার ও দাঁড়িয়াপুরপাড়া গ্রামের তরুণরা চাঁদা তুলে প্রায় দুই কি.মি চলাচলের অনুপযোগী সড়ক মেরামত করছে। তাদের এমন মহত্ কাজে ঘরে বসে থাকেননি এলাকার প্রবীণরাও। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েও কাজ না হওয়ায় তারাও নেমেছেন তরুণদের সহযোগিতায়। তরুণদের নেতৃত্বে এলাকাবাসীর সহযোগিতায় মেরামত করা সড়কটি দিয়েই এখন চলছে খোদ জনপ্রতিনিধিসহ স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

 
স্থানীয়রা জানান, উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের কাছে চলাচলের অনুপযোগী সড়কটি মেরামতের দাবি জানিয়ে আসছিলেন তারা। এতে আশ্বাস পেলেও বাস্তবায়ন না হওয়ায় নিজেরাই চাঁদা তুলে এলাকাবাসীর সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে দক্ষিণ আড়াইপাড়া-দাঁড়িয়াপুরপাড়ার প্রায় দুই কি.মি সড়কটি সংস্কার করে তরুণরা। সড়কটি সংস্কারে কালো পাথর ও বালুর খরচসহ প্রায় সাড়ে তিন লাখ টাকা লেগেছে বলে জানালেন এলাকার উদ্যমী তরুণদের একজন বিল্লাল হোসেন। তিনি জানান, সড়ক সংস্কারে গ্রামবাসীর সহায়তা চাইলে অনেকে এগিয়ে আসেন।
 
স্থানীয় সাবেক পুলিশ কর্মকর্তা মোসলেম উদ্দিন ফকির, সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান বাক্যু এবং প্রবীণ মুরব্বি আবদুল মালেক তালুকদার বলেন, রাস্তা মেরামতের ব্যাপারে একটি কমিটি গঠন করে দিয়েছি। তারা জানান, এলাকার শ’খানেক লোকের লিস্ট করে প্রত্যেকের কাছে পাঁচ হাজার করে টাকা অনুদান (চাঁদা) চেয়েছি। কম বেশি অনেকেই দিয়েছেন। ওই টাকা দিয়েই রাস্তা মেরামত করা হয়েছে।
 
স্থানীয় কালিয়াপাড়া ডাকাতিয়া মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াছিন আলী বলেন, বর্ষাকালে কর্দমাক্ত এ রাস্তা দিয়ে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের আসা-যাওয়ায় ভোগান্তি পোহাতে হয়। তরুণরাই শক্তি। তবে তাদের সঙ্গে প্রবীণরা যুক্ত হয়ে রাস্তা মেরামত করার এই মহত্ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

ইত্তেফাক/এএন