মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইজতেমার ৩ মুসল্লি নিহত, আহত ৪০

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৫:১৮
মানিকগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইজতেমা থেকে বাড়ি ফিরতে থাকা বাসের তিন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই বাসের আহত ৩১ মুসল্লি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গুরুতর অবস্থায় বাকিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) চিকিৎসাধীন রয়েছে।
 
মঙ্গলবার রাত ১০ টার দিকে সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় ওই মুসল্লিদের বাস ও ইটভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগ্রামের বাসিন্দা আবুল কালাম (৫৫) ও মুফতি সাইফুল্লাহ (৪০)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
 
মানিকগঞ্জ থানার এসআই ফরিদ আহমেদ জানায়, ঘটনাস্থল থেকে বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। গুরুতর অবস্থায় ঢামেকে চিকিৎসারতরা হলেন, গোলাম কিবরিয়া (৫০), রাসেল (২২), আবদুল হাদি (৮০), আবদুল ওয়াহাব (৬৫), মাহমুদুল হাসান (৩০), দেলোয়ার (৪০), শেখ শাহজাহান (৬৫) ও ফেরদৌস (২৪)। 
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরএ/এএসএমইউ