আগামীকাল ৮ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আট দিনব্যাপী ‘দ্বিতীয় একক অভিনয় উৎসব’। ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্রের আয়োজনে ৮ থেকে ১৫ ডিসেম্বর রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হলে এই উৎসব চলবে।
উৎসবে বাংলাদেশসহ চার দেশের ১১টি নাটক মঞ্চস্থ হবে। গত মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়েছে। উৎসবের বিস্তারিত উপস্থাপন করেন আইটিআই বিশ্ব কেন্দ্রের সভাপতি রামেন্দু মজুমদার এবং বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ।
IMG0
সংবাদ সম্মেলনে বলা হয়, শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শুরুতে থাকবে পালাগান।
৯ ডিসেম্বর থাকবে ধ্রুপদি অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন স্কুলের নভেরা ও স্বপ্নদলের হেলেন কেলার। ১০ ডিসেম্বর চীনের গুয়াংজো গাঁওজিয়া অপেরা ট্রুপ মঞ্চস্থ করবে দ্য গভর্নমেন্ট ইন্সপেক্টর। ১১ ডিসেম্বর হবে ভিয়েতনামের লে নক থিয়েটারের প্রযোজনা দ্য মিস্ট্রেস অব দ্য ইন। ১২ ডিসেম্বর কলকাতার আমতা পরিচয় মঞ্চস্থ করবে এলাদিদি।
এছাড়া ১৩ ডিসেম্বর পদাতিক নাট্য সংসদের (টিএসসি) গহনযাত্রা ও ১৪ ডিসেম্বর ভারতের উইংস থিয়েটার মঞ্চস্থ করবে হেলেন। ১৫ ডিসেম্বর উৎসবের সমাপনীর দিন থাকছে ঢাকা থিয়েটারের পঞ্চনারী আখ্যান।
ইত্তেফাক/এমএআর
