ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের বান্দায় আঘাত হানা ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২। আহতের সংখ্যাও কয়েক কুঁড়ি হবে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ৩ মিনিটে হওয়া ৬ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পে শত শত বাড়িঘর, মসজিদ, দোকানপাট ভেঙে গুড়িয়ে গেছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা।
মার্কিন জিওলোজিক্যাল সার্ভের পক্ষ থেকে জানানো হয়েছে, বান্দা আচের উত্তর-পূর্ব উপকূলে ভূপৃষ্ঠ থেকে ১৭ কিমি নীচে ছিল ভূমিকম্পের উৎসস্থল।
IMG0
ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম ভূমিকম্প অনুভূত হওয়ার ঘণ্টা খানেকের মধ্যে পাঁচটি 'আফটারশকে' কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার ওই অঞ্চল। ভূমিকম্পে ৫২ জনের মৃত্যুর পাশাপাশি এখনও বহু মানুষ আটকে রয়েছে ধ্বংসাবশেষের তলায়।
জানা গেছে, ভূমিকম্পে পিডি জেলার বিদ্যুৎ সেবা পুরোপুরি বিপর্যস্ত হয়ে গেছে। ভেঙে গেছে রাস্তা, বাড়ি এবং অনেক মসজিদ।
IMG1
২০০৪ সালের সুনামির পর এত বড় ভূ-কম্পন কখনও অনুভূত হয়নি ইন্দোনেশিয়ায়, দাবি ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা বিভাগের।
এখনো সুনামি সতর্কতা জারি না করা হলেও সিগলি ও তিজুরের মতো সমুদ্র তীরবর্তী ছোট শহরগুলোকে নিরাপত্তার স্বার্থে খালি করে দেওয়া হয়েছে।
IMG2
ইত্তেফাক/এএম
