যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে ২দিন বন্ধ থাকার পর বুধবার ভোর থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।
এদিকে দুই দিন কারখানা বন্ধ থাকায় প্রতিদিন ১২শ' টন উৎপাদন ক্ষমতা হিসেবে প্রায় সোয়া ৩ কোটি টাকা মূল্যের ২৪শ' টন সার উৎপাদন ব্যাহত হয়েছে।
কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, কারখানার এমোনিয়া প্লান্টের বেন্ডফিল্ড প্লান্টের বাল্ব এয়ার লাইনের লিকেজ দেখা দেয়ার কারণে গত সোমবার ভোরে কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। স্থানীয় প্রকৌশলীরা যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে বুধবার ভোরে পুনরায় ইউরিয়া সার উৎপাদনে ফিরে আসে। এর আগে গ্যাস সংকটের কারণে দীর্ঘ প্রায় সাড়ে সাত মাস বন্ধ থাকার পর গত ২২ নভেম্বর উৎপাদন চালু করা হয়েছিল।
কারখানার মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান, এমোনিয়া প্লান্টের রেন্ডফিল্ড প্লান্টের বাল্ব এয়ার লাইনের লিকেজের কারণে কারখানার উৎপাদন বন্ধ হয়েছিল। উৎপাদন বন্ধের পর থেকেই স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করে দেয়। মেরামত শেষে কারখানাটি পুনরায় উৎপাদনে ফিরে আসে। কারখানায় উৎপাদন বন্ধ থাকলেও পর্যাপ্ত পরিমাণে আমদানি করা সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত জেলায় সার সংকটের কোনো সম্ভাবনা নেই। -বাসস।
ইত্তেফাক/এসএস
