কুষ্টিয়ার মিরপুরে পুলিশ কনষ্টেবলের আত্মহত্যার চেষ্টা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ২৩:৪২

গত ১১ নভেম্বর কুষ্টিয়ার মিরপুর থানায় পুলিশ কনষ্টেবল স্বামী সুজন চন্দ্র শীলের (২৬) নামে স্ত্রীকে গরম তেলে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়। চাঞ্চল্যকর এ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কামাল হোসেন (২৪) নামের আরেক পুলিশ কনষ্টেবল রহস্যজনক আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন মর্মে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

 
আত্মহননের চেষ্টাকারী পুলিশ কনষ্টেবল মাজিরহাট ক্যাম্পে কর্মরত। তাঁর পুলিশ কং নং ১০৮৫। সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নওদা নন্দবিল গ্রামের মৃত আব্দুর রহীমের ছেলে। জানা যায়, কর্মস্থলের বাউন্ডারীর পাশে স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতো কনষ্টেবল কামাল হোসেন। ৬ ডিসেম্বর রাতে বাসায় হঠাৎ আত্ম চিৎকার। এ সময় প্রথমে প্রতিবেশী পরে ক্যাম্পের পুলিশরা ওই বাড়ীতে গিয়ে ঘরের আড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় কামাল হোসেনকে উদ্ধার করে। পরে তাকে মুমুর্ষ অবস্থায় চিকিৎসার জন্য কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে পুলিশ সূত্রে জানা গেছে।
 
এ বিষয়ে থানার সেকেন্ড অফিসার এস আই আব্দুল আলিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে কনষ্টেবল কামাল আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। কামাল চিকিৎসাধীন। সে সুস্থ হয়ে উঠলে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান।
ইত্তেফাক/এএন