দেশে এইচআইভি আক্রান্ত ব্যক্তি ৪ হাজার ৭২১: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ০০:৫০

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমানে দেশে এইচআইভি আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৪ হাজার ৭২১ জন। এরমধ্যে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ৭৯৯ জন এইডসে মারা গেছেন। গতকাল বুধবার সংসদ অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য মো. গোলাম রাব্বানীর এক প্রশ্নের জবাবে তিনি সংসদকে এ তথ্য জানান।

 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে অভিবাসী ও শিরায় নেশা গ্রহণকারীদের মধ্যে এর প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। এ কে এম রহমাতুল্লাহ’র অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালকে ২০০৯ সালে ৫০ শয্যা থেকে ১৫০ শয্যায় এবং ২০১৫ সালে ১৫০ শয্যা থেকে ৩শ’ শয্যায় উন্নীত করা হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার ইউনিটের শয্যা সংখ্যাও বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করা    হয়েছে। তিনি বলেন, ক্যান্সার চিকিত্সার ওষুধ (কেমোথেরাপি) উল্লেখযোগ্য পরিমাণে বিনামূল্যে রোগীদের প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন হাসপাতালে মহিলাদের জরায়ু মুখ ক্যান্সার চিকিত্সার জন্য কয়েকটি ব্রাকিথেরাপি মেশিন স্থাপন করা হয়েছে।
 
খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ
 
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। শুধু খাদ্য উত্পাদন নয়, নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পেও বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। স্বাস্থ্য সেক্টরের সাফল্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। খাদ্য, স্বাস্থ্য ও চিকিত্সাসহ বিভিন্ন সেক্টরে নানা জটিল রোগ সৃষ্টিকারী উচ্চ ক্ষমতাসম্পন্ন জীবাণু ও ধরন নির্ণয় করার পর্যাপ্ত সুযোগ সুবিধা সংবলিত গবেষণাগার বাড়াতে হবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দু’দিনব্যাপী ‘বায়োসেফটি এন্ড বায়োসিকিউরিটি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ প্রমুখ। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান।

ইত্তেফাক/এএন