ঐশ্বরিয়ার আত্মহত্যার গুজব নিয়ে অমিতাভ যা বললেন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১০:২৮
গেল সপ্তাহে বলিউড অভিনেত্রী, বচ্চন পুত্রবধু ঐশ্বরিয়ার আত্মহত্যার গুজব রটে। এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে এতকিছুর পরেও এ বিষয়ে বচ্চন পরিবার থেকে সামান্যতম শব্দ কেউ করেনি। অবশেষে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে সিনিয়র বচ্চন অমিতাভ।
 
কি বললেন তিনি! গত সোমবার মুম্বাইতে একটি অনুষ্ঠানে অমিতাভের কাছে সরাসরি এই খবরের সত্যতা জানতে চাওয়া হয়। এক সাংবাদিক প্রশ্ন করেন, সত্যিই কি আত্মহত্যার চেষ্টা করেছিলেন ঐশ্বরিয়া?
 
অমিতাভের উত্তরের জন্য যখন উপস্থিত সকলে অপেক্ষা করছেন, অমিতাভ প্রশ্নকর্তা সাংবাদিকের দিকে এক ঝলক তাকিয়ে স্মিত হাসেন। তারপর কোনও উত্তর না দিয়েই অন্য প্রসঙ্গে চলে যান। এ খবর প্রকাশ করেছে আনন্দবাজার।
 
গত ২ ডিসেম্বর ‘আউটলুক পাকিস্তান’ নামের একটি ওয়েবসাইটে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়াকে নিয়ে ওই গুজব প্রথম প্রকাশিত হয়। নির্দিষ্ট কোনও সূত্রের নাম না করে সেখানে সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর হিসেবে তা প্রকাশ করা হয়। আরো বলা হয় জানাজানির ভয়ে হাসপাতালে ভর্তি না করে বাড়িতে পারিবারিক চিকিৎসককে ডেকে এনেছিল বচ্চন পরিবার।
 
উল্লেখ্য, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই শ্বশুর বাড়ির সদস্যদের সঙ্গে মনোমলিন্য চলছিল ঐশ্বরিয়ার। শাশুড়ি জয়া বচ্চন তো প্রকাশ্যেই তার সমালোচনা করেছিলেন। রণবীর কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে  অভিনয় ভালোভাবে নিতে পারেননি তারা।
 
ইত্তেফাক/এমএআর