আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস শুক্রবার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৬:৪৪
আন্তর্জাতিক দুর্নীতি-বিরোধী দিবস ৯ ডিসেম্বর (শুক্রবার)। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবস পালন করা হবে। এ দিবসের জন্য এবারের নির্ধারিত প্রতিপাদ্য ‘আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ -এ বিষয়টি সামনে রেখে দুর্নীতি দমন কমিশন (দুদক) আন্তর্জাতিক দুর্নীতি-বিরোধী দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে।
 
আজ বৃহস্পতিবার দুদক’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে জানানো হয়েছে, কেন্দ্রীয়ভাবে রাজধানী ঢাকায় দুর্নীতি দমন কমিশনের কমিশনার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. নাসিরউদ্দীন আহমেদ শুক্রবার সকাল ৯টায় সেগুনবাগিচাস্থ দুদক’র প্রধান কার্যালয়ের সামনের সড়কে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এ দিবসের শুভ উদ্বোধন করবেন। 
 
এছাড়াও সকাল সোয়া ৯টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দুদক’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে কমিশনের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা দুর্নীতি-বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করবেন। মানববন্ধন শেষে সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে কমিশনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 
 
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ ফরাস উদ্দিন প্রধান অতিথি এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি’র (ইউএনডিপি) কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জ্জী বিশেষ অতিথি হিসেবে এ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।
 
কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কমিশনের চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগীয় কার্যালয় এবং ২২টি সমন্বিত জেলা কার্যালয়ের পক্ষ থেকেও পৃথকভাবে মহানগর, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহায়তায় দেশব্যাপী মানববন্ধন, আলোচনা সভাসহ দুর্নীতিবিরোধী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
 
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক দুর্নীতি-বিরোধী দিবস উপলক্ষে দুদক’র প্রত্যাশা ‘দেশের রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম, শিক্ষক, এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরাসহ সমাজের প্রতিটি স্তরের প্রতিনিধিগণ স্ব-স্ব অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবেন।’-বাসস।
 
 
ইত্তেফাক/এমআই