যশোরের চৌগাছায় হোসেন আলী (৫০) নামে এক নির্মাণ শ্রমিক (রডমিস্ত্রি) খুন হয়েছেন। তিনি উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের কয়ারপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে।
বৃহস্পতিবার দুপুরে যশোর চৌগাছা সড়কের কড়ইতলা নামক স্থানে আবুল হোসেনের মেহগনি বাগান থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
নিহতের স্ত্রী হাসিনা বেগম এবং ভাই মোজাম আলী জানান, বুধবার সন্ধ্যায় পাশের গ্রাম রোস্তমপুর খানকা শরীফে অনুষ্ঠিত একটি ধর্মীয়সভায় অংশ নিতে বাড়ি থেকে বের হন তার ভাই। পরিবারের লোকজন জানান, হোসেন আলী নির্মাণ শ্রমিকের (রডমিস্ত্রি) কাজ করতেন। কারো সাথে তার কোনো শত্রুতা ছিল না। বৃহস্পতিবার দুপুরে তারা জানতে পারেন কড়ইতলা এলাকার আবুল হোসেনের মেহগনি বাগানে তার লাশ পড়ে অছে।
চৌগাছা সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের (কয়াপাড়া) সদস্য হাসিবুল হাসান শান্ত এবং ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, হোসেন আলী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। রডমিস্ত্রির কাজ করতেন। এলাকায় তিনি শান্তিপ্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
চৌগাছা থানার ওসি এম মসিউর রহমান জানান, স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে হোসেন আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার হাত-পা, বাধা এবং শরীরে আঘাতের চিহ্ন ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছিল।
ইত্তেফাক/এএম।
