ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০২ জন হয়েছে। বুধবার ৬.৫ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ২ শতাধিক ভবন ধসে পড়ে।
পিদি জায়ায় আরো হাজারো মানুষ ভবনের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ভবন ধসের নিচে চাপা পড়া মানুষকে উদ্ধারে আরো ভারী যন্ত্রপাতি পাঠানোর ব্যবস্থা করেছে দেশটির সরকার। হাজারো মানুষ আশ্রয়কেন্দ্রে শরণ নিয়েছে। বালিতে অবস্থানরত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, তিনি দ্রুতই আচেহ সফর করবেন। পিদি জায়া ও বিরেউন জেলায় বাড়িঘর, দোকান, মসজিদসহ ২৪৫টি ভবন ধসে পড়েছে।
শক্তিশালী এই ভূমিকম্পে রাস্তায় বড় ফাটল দেখা দিয়েছে এবং বৈদ্যুতিক পোল উপড়িয়ে গেছে। উল্লেখ্য, ২০০৪ সালে আচেহ প্রদেশের নিকটে সমুদ্রের নিচে শক্তিশালী ভূমিকম্পে সৃষ্ট সুনামিতে শুধু ইন্দোনেশিয়াতে ১ লক্ষ ৬০ হাজার মানুষ নিহত হয়েছিল। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ
