দেশের জনস্বাস্থ্য ও বাসযোগ্য পরিবেশের উন্নয়নে ২০৩০ সালের মধ্যে নিরাপদ ও টেকসই মল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২০১৬ রাজধানীর এলজিইডি ভবন মিলনায়তনে ‘এফএসএম সম্মেলন ২০১৬’র আয়োজন করে বাংলাদেশ ফেইকাল স্লাজ ম্যানেজমেন্ট নেটওয়ার্ক (এফএসএম নেটওয়ার্ক)।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব (মনিটরিং, ইন্সপেকশন অ্যান্ড ইভ্যালুয়েশন উইং) এ এস এম মাহবুবুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নেদারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ও হেড অব ইকনমিক অ্যাফেয়ার্সস অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, মিসেস মার্টিন ভ্যান হুগস্ট্রাটেন।
বাংলাদেশের স্বাস্থ্য ও পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে উভয়েই মল বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেন। মাহবুবুল আলম বলেন, ‘শহর ও নগর এলাকার মল বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি সরকারি পরিকল্পনায় যোগ করা প্রয়োজন এবং গ্রামঞ্চলের ব্যবস্থাপনা নিয়েও আলাদাভাবে ভাবতে হবে।’
সম্মেলনে আইটিএন-বুয়েটের ডিরেক্টর প্রফেসর এম আশরাফ আলী এবং বুয়েটের প্রফেসর মুজিবুর রহমান বলেন, বাংলাদেশে উন্মূক্ত স্থানে মলত্যাগ প্রায় পুরোপুরি বন্ধ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। কিন্তু অন-সাইট স্যানিটেশনের দ্রুত বৃদ্ধি এবং স্লাজের অনিরাপদ ব্যবস্থাপনা ব্যাপক পরিবেশ দূষণের দিকে নিয়ে যাচ্ছে। তারা বর্জ্য আধার তৈরি, বর্জ্য খালাশ, স্থানান্তর, ট্রিটমেন্ট ও ডিসপোজাল সিস্টেম সক্রিয় করতে সঠিক স্লাজ ব্যবস্থাপনা উন্নত করার প্রয়োজনীতার উপর জোর দেন।
সম্মেলনে প্রাতিষ্ঠানিক ও নিয়ন্ত্রণের বিষয়টি, কারিগরি উন্নয়ন ও পরীক্ষামূলক উদ্যোগ ইত্যাদি বিভিন্ন দিক থেকে স্লাজ ব্যবস্থাপনা সম্পর্কিত আলোচনা করা হয়। আয়োজক নেটওয়ার্কের সদস্যবৃন্দ প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান; ওয়াটার অ্যান্ড সেনিটেশন ফর দ্য আরবান পুওরের (ডব্লিওএসইউপি) কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার আব্দুস শাহিন; এসএনভি নেদারল্যান্ডস ডেভলপমেন্ট অর্গানাইজেশনের বিজনেস এডভাইসর তানভির চৌধুরী এবং ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে সেশনগুলো পরিচালিত হয়।
জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. ওয়ালিউল্লাহ সকল স্টেকহোল্ডারকে একসাথে কাজ করার এবং এফএসএম কে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে বিবেচনা করার আহবান জানান। সম্মেলনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, ‘স্লাজ ব্যবস্থাপনাকে গুরুত্বের সাথে বিবেচনা না করলে অতীতে সেনিটেশন উন্নয়নের ক্ষেত্রে যে বিরাট সাফল্য এসেছে তা হারিয়ে যেতে পারে।’
ইত্তেফাক/এমএইচ
