আলেপ্পোর বৃদ্ধাশ্রম থেকে ১৪৮ জনকে উদ্ধার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ২০:০৫
বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব আলেপ্পো থেকে ১৪৮ জন বয়স্ক ও চলাচলে অসমর্থ ব্যক্তিকে উদ্ধার করেছে রেডক্রস। প্রচণ্ড গোলাগুলির মধ্যে আলেপ্পোর বৃদ্ধাশ্রমে আটকা পড়েছিলেন তারা।
 
উদ্ধার হওয়া ব্যক্তিদের বেশিরভাগ দুর্ঘটনায় আহত কিংবা শারীরিক পরিস্থিতির কারণে চলাচলে অক্ষম। ইতিমধ্যে ঔষধের অভাব কিংবা গোলাগুলির মধ্যে পড়ে ১১ জন নিহত হয়েছেন। গত তিন সপ্তাহে আলেপ্পোর তিন-চতুর্থাংশ পুনর্দখল নিয়েছে সিরীয় বাহিনী। বিগত চার বছর ধরে পূর্ব আলেপ্পো নিয়ন্ত্রণ করছিল বিদ্রোহীরা।
 
বিদ্রোহীদের সঙ্গে এই যুদ্ধে হাজারো বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে। এখনো বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোয় এক লাখ মানুষ বাস করছে বলে ধারণা করা হচ্ছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় খাবার সরবরাহ বন্ধ রয়েছে এবং কোনো হাসপাতাল কার্যকর নেই। বিবিসি।  
 
ইত্তেফাক/এসএসএ