প্যাকেজ ভ্যাটের আইনগত সমর্থন নেই: এনবিআর

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ২০:৩০
দীর্ঘদিন ধরে তুলনামূলক ছোট ব্যবসায়ীরা প্যাকেজ পদ্ধতিতে ভ্যাট (মূল্য সংযোজন কর) দিয়ে আসলেও এটির আইনগত সমর্থন নেই বলে জানিয়েছেন রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান।
 
তিনি বলেন, 'প্যাকেজ ভ্যাট অস্পষ্ট ধারণা। এর আইনগত সমর্থন নেই। মুখে মুখে হিসাবের ভিত্তিতে এটি চলমান ছিল।'
 
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
গত কয়েক বছর ধরেই তুলনামূলক ছোট ব্যবসায়ীরা বার্ষিক একটি নির্দিষ্ট পরিমাণ বিক্রি ধরে এর উপর এককালীন নির্দিষ্ট পরিমাণ ভ্যাট দিয়ে আসছিলেন। আগামী জুলাই থেকে কার্যকর হতে যাওয়া নতুন ভ্যাট আইনে প্যাকেজ ভ্যাট ব্যবস্থা থাকছে না। অন্যদিকে গত দুই বছরে এটি কয়েকগুণ বাড়ানো হয়েছে।
 
গত বাজেটে ঢাকাসহ সিটি কর্পোরেশন এলাকায় দ্বিগুণ বাড়িয়ে এটি ২৮ হাজার টাকা করা হয়। এসব ইস্যুতে সরকারের সঙ্গে ব্যবসায়ীদের মতবিরোধ চলছে। এর পরিপ্রেক্ষিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা ইতিমধ্যে দুই দফা ধর্মঘটও পালন করেছেন। ফের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার ঘোষণাও রয়েছে। তাদের দাবি, প্যাকেজ ভ্যাট ব্যবস্থা আইনগতভাবে বহাল রাখা এবং এটি সহনীয় পর্যায়ে নামিয়ে আনা। এটি সমাধানের উপায় খুঁজতে বর্তমানে সরকারের ব্যবসায়ীদের আলোচনা চলছে। -বাসস।
 
ইত্তেফাক/এসএস