সরাইলে সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ০৪:০৬

সরাইল উপজেলার পানিশ্বরে জাফরখাঁ নদীর ওপর সেতু না থাকায় আশপাশের ১০ গ্রামের মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর, শাখাইতি, নাইলা, টিঘর, বিটঘর শান্তিনগর ও বেড়তলা এবং চুন্টা ইউনিয়নের চুন্টা, নোয়াহাটি ও বড়বল্লা গ্রামের লোকজন ওই নদীর ওপর বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

 
প্রতিবছরই গ্রামবাসী বাঁশ ও টাকা সংগ্রহ করে পানিশ্বর গ্রামে সাঁকোটি সংস্কার করে আসছে। বর্ষায় পানি বেড়ে গেলে সাঁকো ভেঙে যায়। তখন দিনে নৌকা থাকলেও রাতে সাঁতার কেটে নদী পার হওয়া ছাড়া কোনো পথ থাকে না। অন্য সময় ওই সাঁকো দিয়েই গ্রামের স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীসহ সব শ্রেণির মানুষ যাতায়াত করছেন।
 
পানিশ্বর ইউপির চেয়ারম্যান দ্বীন ইসলাম বলেন, ওই বাঁশের সাঁকোর জায়গায় একটি সেতু নির্মাণ জরুরি। আমি এ ব্যাপারে চেষ্টা করছি।
 
উপজেলা প্রকৌশলী মো. এমদাদ হোসেন বলেন, আমি সরেজমিনে দেখে সেখানে একটি সেতু নির্মাণের বিষয়ে পদক্ষেপ নেবো।

ইত্তেফাক/এএন