সত্তর বছর পর বর্ণবাদের শিকারে আক্রান্ত ভিয়োলা ডেসমন্ড পেতে যাচ্ছেন বিজয় স্বীকৃতি। তার প্রতিকৃতি স্থান পেতে যাচ্ছে কানাডার দশ ডলারের নোটে। গত ৮ ডিসেম্বর এই স্মরণীয় ঘোষণা দেয়া হয়েছিল। কানাডায় এই প্রথম কোনো ব্যাংকনোটে এক জন নারীর প্রতিকৃতি ছাপা হতে যাচ্ছে। যা আগামী ২০১৮ সালে বাজারে ছাড়া হবে।
জানা যায়, কানাডার নোভা স্কোশিয়া প্রদেশে একটি সিনেমাহলে শ্বেতাঙ্গদের জন্যে নির্ধারিত আসনে গিয়ে বসলেন এই কৃষ্ণাঙ্গ নারী ভিয়োলা ডেসমন্ড। পরে তাকে হলের এক কর্মচারী এসে জানালো ওই আসন তার জন্যে নয়, তাকে উঠে যেতে হবে। কিন্তু তিনি প্রবল প্রতিবাদ জানালেন। পরে তাকে জোর করে উঠিয়ে দেয়া হলো এবং জেলে পাঠানো হলো। ঘটনাটি ঘটেছিলো ১৯৪৬ সালের ৮ নভেম্বর।
পরবর্তীকালে সিভিল রাইটস আইকন হিসেবে ভিয়োলা উত্তর আমেরিকায় ব্যাপক পরিচিতি লাভ করেন। যখন নারী ও কৃষ্ণাঙ্গদের জন্য সবধরনের সুযোগ সুবিধা ছিলো ভয়াবহভাবে সীমিত তখন তিনি বিজনেসে তার ক্যারিয়ার প্রতিষ্ঠা করতে শুরু করেন। মন্ট্রিয়ালের ফিল্ড বিউটি কালচার স্কুলে পড়াশুনা শেষে হ্যালিফ্যাক্সে খোলেন একটি বিউটি পার্লার। পরে তিনি প্রতিষ্ঠা করেন ডেসমন্ড স্কুল অফ বিউটি কালচার।
ইত্তেফাক/এসএস
