কুড়িগ্রামের নাগেশ্বরীতে ত্রাণ শাখার ভিজিএফ এর ১ হাজার ২৫০ কেজি চাল জব্দ। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, উপজেলার বল্লভেরখাস ইউনিয়নে ত্রাণ শাখা থেকে ভিজিএফ এর ১৭ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়। সেগুলো ৩০ নভেম্বরের মধ্যে বিতরণের কথা ছিল। কিন্তু ইউপি চেয়ারম্যান আকমল হোসেন ৬২ জন ভুয়া সুবিধাবঞ্চিত দেখিয়ে ওইসব নামের বিপরীতে ১ হাজার ২৫০ কেজি চাল বিতরণ না করে বিক্রির উদ্দেশ্যে মাদারগঞ্জ বাজারস্থ ইউনিয়নের অস্থায়ী কার্যালয় ও গুদাম ঘরে জমা রাখেন।
বুধবার গভীর রাতে সেগুলো বিক্রির চেষ্টা করলে স্থানীয়রা আটক করে উপজেলা প্রশাসনকে খবর দিয়ে রাতভর সেখানে পাহারা দেয়। পরদিন সিএলপি কর্মকর্তা আলমগীর হোসেন ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জগদীশ রায় ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান। পরে তারা গুদামে তালা ঝুলিয়ে উক্ত চাল নিজেদের হেফাজতে নেন। গুদামে ছিলগালা করে দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান আকমল হোসেনের সাথে শুক্রবার পর্যন্ত যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ জানান, অভিযোগ পেয়ে বৃহস্পতিবার দুই কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠালে তারা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পায়। উপজেলা (সহ:) ভূমি কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এসএস
