চট্টগ্রামে আটক ‘হুজিদের’ একজন যশোরের নাজিম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ২২:১৮
যশোরের ‘নিখোঁজ’ নাজিম উদ্দিন (৪২) চট্টগ্রামে ‘হরকাতুল জিহাদ-হুজি’  সদস্য হিসেবে আটক হয়েছেন। 
 
বৃহস্পতিবার চট্টগ্রামে র‌্যাবের হাতে তিনি আটক হন। শুক্রবার দুপুরে যশোরের মনিরামপুর উপজেলার দুর্গাপুরের বাসভবনে গিয়ে আটক পাঁচ ‘হুজি’ সদস্যের ছবি দেখালে নাজিম উদ্দিনের ছোট ভাই আজিমউদ্দিন, মেয়ে ফওজিয়া ইয়াসমিন তুবা ও ছোট মেয়ে ইয়াসমিন তৈয়বা তাকে শনাক্ত করেন। 
 
নাজিম উদ্দিনের স্ত্রী নাজমা আক্তার দাবি করেন, তার স্বামী কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত নন। সাড়ে ছয় মাস ধরে তিনি নিখোঁজ ছিলেন। গত ২৫ মে তার স্বামী ঢাকা থেকে নিখোঁজ হন। সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। 
 
প্রসঙ্গত, যশোরের পাঁচ ব্যক্তি জঙ্গি তৎপরতায় জড়িত বলে কিছুদিন আগে পুলিশ তথ্য প্রকাশ করে। এছাড়া যশোর পুলিশ প্রশাসনের ছাপানো পোস্টারে জঙ্গি হিসেবে মনিরামপুর শহরের দুর্গাপুর জামায়াত মসজিদের অদূরে মৃত হাসান আলী গাজীর বড়ছেলে নাজিমের নাম ও ছবি ছাপা হয়। 
 
নাজমা আক্তার জানান, তার স্বামী নিখোঁজ হওয়ার পর গত ১ জুন বুধবার প্রেসক্লাব যশোরে ও ১৬ জুলাই শনিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। একই সঙ্গে ঢাকা ডিবি কার্যালয়ে স্বামীর ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আসেন। 
 
তিনি আরও জানান, স্বামীর সঙ্গে সাক্ষাতের জন্য পরিবারের পক্ষ থেকে চট্টগ্রামে যাওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। 
 
মনিরামপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুর রহমান ছবি দেখে নিশ্চিত করেন উনিই নিখোঁজ নাজিম উদ্দিন। 
 
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, আমি জেলা পুলিশের বিশেষ শাখা থেকে খোঁজ নিয়ে জেনেছি চট্টগ্রামে আটক নাজিমই যশোরের মনিরামপুরের নাজিমউদ্দিন।
 
 
ইত্তেফাক/ইউবি