৬ বছরে পা রাখলো ‘তালাশ’

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ০৯:৪৯
জনপ্রিয় অনুসন্ধানীমূলক টিভি অনুষ্ঠান তালাশ। ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের এই সংবাদধর্মী ক্রাইম ফিকশনটির দর্শকপ্রিয়তা নিয়ে কথা বলার অবকাশ নেই। শুরু থেকে তারা দর্শক সাধারণের কাছে জায়গা করে নিতে সক্ষম হয়েছে।
 
পাঁচ বছর আগে ২০১১ সালের ৯ ডিসেম্বর শুক্রবার ইন্ডিপেনডেন্ট টেলিভিশনে শুরু এ টিভি অনুষ্ঠান। ২০১৬ সালের ৯ ডিসেম্বর গতকাল তা পাঁচ বছর পূর্ণ করলো।
 
তালাশের প্রথম পর্বের বিষয় ছিল ‘ভুয়া মুক্তিযোদ্ধা’। ৫ বছরপূর্তিতে গতকালের পর্ব সংখ্যা ছিল ১১১। এ পর্বেও অনুষ্ঠানের বিষয়বস্তু রাখা হয় ‘ভুয়া মুক্তিযোদ্ধা’। মনজুরুল করিমের প্রানবন্ত উপস্থাপনায় একেকটি পর্বে নতুন নতুন চমক, খবরাখবর দেখতে সপ্তাহব্যাপী অপেক্ষায় থাকে সাধারণ মানুষ। 
 
অনুসন্ধানমূলক অনুষ্ঠানের পালাবদলের শীর্ষে তালাশের অবস্থান। তালাশ শুরু হওয়ার আগে দেশের মানুষ এ ধরনের অনুষ্ঠানকে ‘অপরাধমূলক’ অনুষ্ঠান হিসেবেই চিনতো। তবে তালাশের মধ্যদিয়ে সাংবাদিকতায় ‘অনুসন্ধানমূলক’ অনুষ্ঠান কী সেটা খুঁজে পায়।
 
এ প্রসঙ্গে তালাশ টিম মনে করছে, নতুন করে প্রতিজ্ঞা বা অঙ্গীকার করার কিছু নেই। তালাশ টিম শুধু এটুকু বিশ্বাস করে যে, দর্শক যতদিন চাইবে ততোদিনই চলবে তালাশ। তালাশের শেষপর্বটিও প্রচারিত হওয়ার পর তা তালাশ চ্যানেলে ইউটিউবে শেয়ার করা হয়েছে। 
ইত্তেফাক/এমএআর