ভারতের বিমান বাহিনীর সাবেক প্রধান শশিন্দ্র পাল তিয়াগিকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর জন্য হেলিকপ্টার কেনায় দুর্নীতির অভিযোগে গতকাল শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।
ব্রিটিশ-ইতালির যৌথ মালিকানাধীন আগাস্টা ওয়েস্টল্যান্ড কোম্পানির কাছ থেকে উন্নতমানের ১২টি হেলিকপ্টার কেনার চুক্তিতে শশিন্দ্র পাল দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন বলে জানিয়েছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম।
ভারতের কাছে হেলিকপ্টার সরবরাহের চুক্তিটি পাওয়ার জন্য অগাস্টা ওয়েস্টল্যান্ড কোম্পানি বিমান বাহিনীর তৎকালীন প্রধান তিয়াগিকে ঘুষ দিয়েছে বলে অভিযোগ ওঠার পর ২০১৩ সালে নয়াদিল্লি চুক্তিটি স্থগিত করে দেয়। প্রধানমন্ত্রী এবং অন্য ভিআইপিদের জন্য এসব হেলিকপ্টার কেনার কথা ছিল।
৫৫ কোটি ৬০ লাখ ইউরোর এ চুক্তিতে ঘুষ লেনদেনের বিষয়টি ইতালিতেও আলাদাভাবে তদন্ত করা হচ্ছে। অগাস্টা ওয়েস্টল্যান্ড কোম্পানির সহযোগী কোম্পানি ফিনমেকানিকার প্রধান কর্মকর্তাকে ২০১৩ সালেই আটক করা হয়।
ইতালির কৌঁসুলিরা ধারণা করছেন যে, চুক্তি নিশ্চিত করার জন্য পর্দার আড়ালে শতকরা ১০ ভাগ অর্থ ঘুষ হিসেবে লেনদেন করা হয়েছে, যার মোট অর্থের পরিমাণ দাঁড়ায় পাঁচ কোটি ইউরো।
ইত্তেফাক/এএম
