জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সরোয়ার হোসেন শুটকু (৬২) ও দফতর সম্পাদক সবির উদ্দিন বাবুর (৬৪) বিরুদ্ধে মামলা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্রুনালের মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী মুক্তিযোদ্ধা আব্দুল হাই বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় আক্কেলপুর থানায় মামলাটি করেন। মামলায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নবীবুর রহমানসহ চারজনকে সাক্ষী করা হয়েছে।
আব্দুল হাই মামলার এজাহারে উল্লেখ করেছেন, জয়পুরহাটের কুখ্যাত রাজাকার- আলবদর আব্দুল আলীম ও আব্বাস আলী খাঁনের সহযোগী আলবদর রেজাউল করিম ওরফে মন্টুর বিরুদ্ধে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্রুনালের তদন্ত সংস্থায় সাক্ষী দিয়েছিলেন। আলবদর রেজাউল করিম মন্টুর দ্বারা প্রভাবিত হয়ে সরোয়ার হোসেন শুটকু ও সবির উদ্দিন বাবু তাকে সাক্ষী প্রদানে বিরত থাকতে বলেছিলেন। তিনি তাদের কথা কর্ণপাত না করায় তাকে বিভিন্ন সময় হুমকি দেয়া হচ্ছিল। ৩ ডিসেম্বর বিজয় দিবসের আয়োজন নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যকরী কমিটির সভার আয়োজন করা হয়। ওই সভায় আসামিরা আব্দুল হাইকে হত্যার উদ্দেশে মারপিট করেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।’
ইত্তেফাক/এএসএমইউ
