আগৈলঝাড়ার নিখোঁজ সেই নেয়ামাতুল্লাহ পুলিশ হেফাজতে

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১৪:২১
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় নিখোঁজ মাদরাসা ছাত্র নেয়ামাতুল্লাহকে পুলিশ হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে। কিন্তু তার বিরুদ্ধে শনিবার পর্যন্ত জঙ্গি সংশ্লিষ্টতার কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।
 
শনিবার দুপুরে বরিশাল রেঞ্জের ডিআইজি’র কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত ডিআইজি আকরাম হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
 
সংবাদ সম্মেলনে বলা হয়, নেয়ামাতুল্লাহ দরিদ্র পরিবারের সন্তান। সে আগৈলঝাড়ার মারকাজ মাদরাসায় হাফেজী পড়তো। মাদরাসার হোস্টেলে থাকা খাওয়া বাবদ তার দিন মজুর ববা মাসে তিন শ টাকা করে পরিশোধ করতো। বাবার কাছে অতিরিক্ত টাকা দাবি করতো নেয়ামাতুল্লাহ। সেই অতিরিক্ত টাকা দিতে না পারায় ৩০ নভেম্বর মাদরাসা থেকে পালিয়ে যায় সে। ঢাকায় গিয়ে গেন্ডারিয়া এলাকার একটি হোটেলে সে কাজ নেয়। শুক্রবার পুলিশ তাকে ওই হোটেল থেকে আটক করে।
 
বাবুগঞ্জের নিখোঁজ অপর দুই যুবক মেহেদী হাসান ও সুজনের ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত ডিআইজি জানান, তাদের এখনো খোঁজ মেলেনি। অনুসন্ধান চলছে। তবে বরিশাল বিভাগের তালিকাভুক্ত ১১ জঙ্গি পুলিশের নজরদারিতে রয়েছেন। তারা এতই দুর্বল হয়ে পড়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর কোনো শক্তিই তাদের আর নেই।
 
ইত্তেফাক/এএসএমইউ