নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা: সেলিনা হায়াৎ আইভী বলেছেন, 'আমরা সব প্রার্থী একটি সুষ্ঠু নির্বাচন চাই। এই জন্য নির্বাচন কমিশন যদি প্রয়োজন মনে করে তাহলে যে কোন বাহিনী নিয়োগ করতে পারে।'
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের সাথে নির্বাচনী প্রচারণার সময় আইভী এসব কথা বলেন।
সেনা মোতায়েনের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইভী বলেন, 'সেনা মোতায়েনের ব্যাপারে আমি কখনোই বিরোধিতা করিনি।'
নারায়ণগঞ্জে নির্বাচনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে দাবি করে আইভি বলেন, 'এই উৎসবমুখর পরিবেশে সকলেই ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে এবং জনগণ আমার সাথে আছে। দল ও মতের ঊর্ধ্বে উঠে মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে। এই বিজয়ের মাসে নারায়ণগঞ্জবাসী নৌকায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবে।'
প্রচারণার সময় আইভীর সাথে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট বাদল রায়, আবাহনী ক্রীড়া চক্রের চেয়ারম্যান, সাবেক জাতীয় ফুটবলার আসলাম, আশরাফ উদ্দিন চুন্নু, বি এম জোবায়ের নিপু, জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক খাজা রহমত উল্লাহ, জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক কুতুবউদ্দিন আকসির প্রমুখ। -বাসস।
ইত্তেফাক/এসএস
