ভারতে সাজা শেষে দেশে ফিরল ৮ শিশু-কিশোর

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১৮:০২
অনুপ্রবেশের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপরের বালুরঘাট শুভাষণ অরজারভেশন হোমে হেফাজতে থাকা আট বাংলাদেশি শিশু-কিশোর দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে।
 
হিলি চেকপোস্ট দিয়ে শনিবার বেলা সাড়ে ১১টায় ভারতে হিলি চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে বালুরঘাট শুভায়ণ অবজারভেশন হোম কর্তৃপক্ষ বাংলাদেশের হিলি চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক শিশু-কিশোরকে হস্তান্তর করেন। এ সময় বিজিবি, বিএসএফ, বালুরঘাট শুভায়ণ অবজারভেশন হোম কর্তৃপক্ষ ও চাইল্ড লাইনের কর্তৃকর্তারা উপস্থিত ছিলেন।
 
দেশে ফিরে আসা আট শিশু-কিশোর হলো- দিনাজপুরের কাহারোল উপজেলার মিত্রবাটি গ্রামের উমর আলীর ছেলে সোহেল রানা ও আব্দুল কাদেরের ছেলে মিজানুর রহমান এবং একই উপজেলার সুন্দদৈল গ্রামের রাধাকান্ত রায়ের ছেলে অমৃত চন্দ্র রায়, দিলবাবু রায়ের ছেলে গৌতম রায়, আব্দুর রাজ্জাকের ছেলে আজিজুল ইসলাম, নাসির উদ্দিনের ছেলে সজুন আলী, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রামচান্দুয়া গ্রামের মোকবুল হোসেনের ছেলে আরিফুল ইসলাম ও ঢাকার কেরানীগঞ্জ উপজেলার খোলামোড় গ্রামের মতিয়ার রহমানের ছেলে জোবায়েদ হোসেন।
 
বাংলাদেশ হিলি চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান বলেন, ফিরে আসা শিশু-কিশোরেরা বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে ভারতে গিয়ে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। এরা এক থেকে দেড় বছর ধরে ভারতের বালুরঘাট শুভায়ণ অবজারভেশন হোমে হেফাজতে থাকার পর দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে শনিবার দেশে ফিরেছে।
 
 
ইত্তেফাক/ইউবি