মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, সাংবাদিকতা একটি মহান পেশা। যারা ভাল সাংবাদিকতা করেন তাদের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ রয়েছে। তাই সাংবাদিকদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এবং বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে হবে।
শনিবার বিকেলে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) আয়োজনে কালীগঞ্জ উপজেলায় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মাধ্যমে কর্মরত সাংবাদিকদের ৩ দিনব্যাপী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণের শেষ দিনে সনদপত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাল্য বিবাহ ও মাদকের বিরুদ্ধে মানুষের ঘৃণাবোধ সৃষ্টি করতে হবে। সাংবাদিকতার লিখনিতে সারাদেশে বাল্য বিয়ে, নারী নির্যাতনের বিরুদ্ধে মানুষকে সোচ্চার করতে হবে। মাদকের বিরুদ্ধেও জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। মাদক বিরোধী প্রচারণাকে আরো শক্তিশালী করা প্রয়োজন। এ জন্য সাংবাদিকরা সংবাদ প্রকাশের মাধ্যমে ভূমিকা রাখতে পারেন।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীর সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। পিআইবির সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসান ও সাংবাদিক ইউনিয়ন কালীগঞ্জ উপজেলা প্রধান আব্দুর রহমান আরমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আতাউর রহমান প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
