২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১৯:০৭
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না। আন্দোলন করে লাভ নেই, শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচন ফেয়ার হবে।
 
শনিবার কুমিল্লা মেডিকেল কলেজের দুই দিনব্যাপী রজত জয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।  
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নতি হয়েছে। চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে। কুমিল্লা মেডিকেল কলেজও একদিন মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে। 
 
তিনি বলেন, খালেদা জিয়া ক্ষমতায় এসে গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। শেখ হাসিনা আবার ক্ষমতায় এসে সেই কমিউিনিটি ক্লিনিকগুলো চালু করেন। আমরা এক সঙ্গে ৬ হাজার ডাক্তার নিয়োগ দিয়েছি। তাদেরকে গ্রামে পোস্টিং দেয়া হয়েছে। এ বিজয়ের মাসের ১৫ ডিসেম্বর ১০ হাজার নার্স নিয়োগ দেয়া হবে। 
 
রজত জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক কুমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মহসিন উজ জামান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, কলেজের সাবেক অধ্যক্ষ ডা. ফরিদা আদিব খানম, ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, উপাধ্যক্ষ ডা. কে এ মান্নান, ডা. আতাউর রহমান, জেলা বিএমএ সভাপতি ডা. গোলাম মহিউদ্দিন দীপু প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি