মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, 'সাংবাদিকরা লেখনীর মাধ্যমে বাল্য বিয়ে, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে মানুষকে সোচ্চার করে।'
তিনি বলেন, 'বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সাংবাদিকরা প্রতিবেদন প্রকাশ করলে সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে।'
শনিবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মাধ্যমে কর্মরত সাংবাদিকদের ৩ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের শেষ দিনে সনদপত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
মাদকের বিরুদ্ধেও জাতিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে বলেন, 'মাদক বিরোধী প্রচারণাকে আরো শক্তিশালী করা প্রয়োজন। এ জন্য সাংবাদিকরা সংবাদ প্রকাশের মাধ্যমে ভূমিকা রাখতে পারেন।'
সাংবাদিকদের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ রয়েছে এ কথা উল্লেখ করে চুমকি বলেন, 'সাংবাদিকতা একটি মহান পেশা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।' -বাসস।
ইত্তেফাক/এসএস
