পদ্মাপাড়ে তৌকীরের ‘হালদা’

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১০:২১
আগামীকাল ১২ ডিসেম্বর সোমবার, জনপ্রিয় অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ’র ‘হালদা’ সিনেমার শুটিং শুরু হচ্ছে গোয়ালন্দের পদ্মাপাড়ে। শুটিংয়ে অংশ নিবেন মোশাররফ করিম, জাহিদ হাসান, তিশা, ফজলুর রহমান বাবু, দিলারা জামানসহ অনেকে।
 
চট্টগ্রামের বিখ্যাত হালদা নদী নিয়ে তৌকীর আহমেদ নির্মাণ করছেন ‘হালদা’। সিনেমায় অভিনেতা ফজলুর রহমান বাবুর মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিশা।
 
এছাড়া আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান ও মোশাররফ করিম। ১২ ডিসেম্বর থেকে রাজবাড়ির গোয়ালন্দে ছবির নতুন লটের শুটিং করার কথা জানিয়েছেন নির্মাতা।
 
চট্টগ্রামে কিছু অংশের চিত্রায়ন এখনো বাকি রয়েছে। সেটা শেষ হলেই ছবির দৃশ্যায়ন শেষ হবে বলে জানিয়েছেন তৌকির আহমেদ। ‘হালদা’ পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও করছেন তৌকীর আহমেদ।
 
উল্লেখ্য, এটি তৌকির আহমেদের পঞ্চম সিনেমা।  সবশেষ তার চতুর্থ চলচ্চিত্র অজ্ঞাতনামা মুক্তি পায়, যেটি আন্তর্জাতিক মহলে সামদৃত হয়েছে।
 
ইত্তেফাক/এমএআর