যশোরে গুলিবিদ্ধ ছিনতাইকারীর মৃত্যু

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৩:৩৬
শনিবার রাতে যশোরে গুলিবিদ্ধ ইউসুফ (৩০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার মারা গেছেন। যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ইন্টার্নি চিকিৎসক শামিমা সকাল সোয়া নয়টায় ইউসুফের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন। শনিবার রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ইউসুফকে হাসপাতালে ভর্তি করায় পুলিশ। ইউসুফ যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের আবদুল লতিফের ছেলে।
 
পুলিশের দাবি, ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধে ইউসুফ গুলিবিদ্ধ হন। আর ইউসুফের ভাইয়ের দাবি, পুলিশ দুইদিন আগে তাকে ধরে নিয়ে যায়। পুলিশের দাবি করা টাকা না দেয়ায় তাকে গুলি করা হয়েছে।
 
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, ‘শহরের টিবি ক্লিনিক এলাকায় দুই দল সন্ত্রাসীর ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে গুলিবিনিময়ে তিনি আহত হন। গুলিবিদ্ধ ইউসুফের বিরুদ্ধে অপসোফার্মা নামে একটি ওষুধ কোম্পানির এক কর্মীকে চাপাতি দিয়ে কুপিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাই করার অভিযোগ রয়েছে। সম্প্রতি ঘোপ এলাকায় এই ঘটনাটি ঘটেছিল। এছাড়া ইউসুফের বিরুদ্ধে আর কয়টি মামলা আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।’
 
ইউসুফের ভাই ওমর শরিফ রাজা জানান, শুক্রবার রাত আটটার দিকে শহরের চাঁচড়া মোড় থেকে তার ভাইকে পুলিশ আটক করে। পুলিশ যে মামলায় তাকে ধরেছে তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি না। তার দাবি, এসআই ইউসুফ আলী তার ভাইকে আটক করে প্রথমে পাঁচ লাখ পরে তিন লাখ টাকা ঘুষ দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় তাকে ধরে নিয়ে পায়ে গুলি করেছে।
 
ইত্তেফাক/এএসএমইউ