স্পাইডারম্যান ও আয়রনম্যান একসঙ্গে হাজির হচ্ছেন ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায়। গত ৯ ডিসেম্বর শুক্রবার ইউটিউবে মুক্তি পেয়েছে স্পাইডারম্যান সিরিজের নতুন এ সিক্যুয়াল ট্রেলার।
১ মিনিট ৪৪ সেকেন্ডের এই ট্রেলারে আসছে সিক্যুয়ালে কী কী চমক থাকছে তার এক ঝলক ফুটিয়ে তোলা হয়েছে। এবার পিটার পার্কাররূপী স্পাইডার ম্যানের পোশাক শরীরে জড়িয়েছেন ব্রিটিশ তরুণ টম হল্যান্ড। তবে আয়রন ম্যান টনি স্টার্ক যথারীতি রবার্ট ডাউন জুনিয়র হিসেবে থাকছেন।
‘স্পাইডার-ম্যান’ সিরিজের এ পর্বে স্কুলছাত্র পিটার পার্কারের পরামর্শদাতা হিসেবে কাজ করে স্টার্ক। অপরাধীদের সঙ্গে লড়ে পিটার প্রমাণ করে সে সাধারণ তরুণ নয়। নতুন গল্পে সম্ভবত দেখানো হবে না পিটার কীভাবে মাকড়সা-মানবে পরিণত হলো।
জন ওয়াটস পরিচালিত ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’-এ উড়ন্ত উন্মাদ দানবের ভূমিকায় দেখা যাবে মাইকেল কিটনকে। পিটারের চাচির চরিত্রে মারিসা টোমেই এবং মার্ভেল কমিকসের হ্যাপি হগ্যান চরিত্রে যথারীতি আছেন জন ফ্যাব্রিউ।
ফিকশন-অ্যাকশনধর্মী এ সিনেমাটি মুক্তি পাবে আগামী ২০১৭ সালের ৭ জুলাইয়ে।
ইত্তেফাক/এমএআর
