মনপুরায় ভূমিহীনদের মাঝে জমি বন্দোবস্ত দেয়ার দাবি

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৪:৩৬
ভোলার মনপুরার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন মেঘনার বুকে জেগে উঠা কাজীর চরে গরিব ভূমিহীনদের মাঝে জমি বন্দোবস্ত দেয়ার জন্য জোর দাবি করছেন কাজীর চরে বসবাসরত ভূমিহীন পরিবার।
 
এরই মধ্যে সহায় সম্বল হারিয়ে এসব পরিবারের লোকজন মাথা গোজার ঠাঁই হিসেবে আশ্রয় নিয়েছে নতুন জেগে উঠা কাজীর চরে। এসব গরিব পরিবারের লোকজন স্থায়ীভাবে জমি বন্দোবস্ত পাওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব এমপির কাছে তাদের দাবি পেশ করেন। পরে উপমন্ত্রীর নির্দেশে ভোলা জেলা প্রশাসক মো. সেলিমউদ্দিন জমি বন্দোবস্ত দেয়ার ব্যাপারে শুক্রবার সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় চরে বসবাসরত প্রায় পাঁশ শতাধিক পরিবারের লোকজন জেলা প্রশাসকের কাছে জমি বন্দোবস্ত দেয়ার জন্য জোর দাবি জানান।
 
এদিকে প্রকৃত ভূমিহীনদের মাঝে (যারা চরে বসবাস করছেন) সঠিকভাবে জমি বন্দোবস্ত দেয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মিসেস শেলিনা আকতার চৌধুরী এবং ১নং মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার।
 
জেলা প্রশাসক তদন্তপূর্বক প্রকৃত ভূমিহীনদের মাঝে জমি বন্দোবস্ত দেয়ার ব্যাপার পরে সিদ্ধান্ত জানাবেন বলে জানান।
 
এ সময় জেলা প্রশাসকের সফর সঙ্গী হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদুর রহমান, রেভিনিউ ডেপুটি কালেক্টর সরদার মোস্তফা শাহীন ও নেজারত ডেপুটি কালেক্টর মো. আশিকুর রহমান চৌধুরীসহ চরে বসবাসরত পাঁশ শতাধিক পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএসএমইউ