আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক বলেছেন, বিএনপির জন্ম সেনা ছাউনিতে। তাই বিএনপি বারবার সেনাবাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়। ক্ষমতার মালিক দেশের জনগণ। দেশের জনগণ যাদেরকে চাইবে তারাই ক্ষমতায় আসবে।
রবিবার দুপুরে রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের মুক্তিযোদ্ধা হল মিলনায়তনে ‘শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস সফল করার লক্ষ্যে’ আয়োজিত যৌথ সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই যৌথ সভার আয়োজন করে।
আবদুর রাজ্জাক বলেন, সেনাবাহিনী আমাদের গর্ব। বিদেশে শান্তিরক্ষী বাহিনীতে কাজ করে সেনাবাহিনী সুনাম অর্জন করেছে। তাছাড়া দেশে বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকে। কাজেই ক্ষমতায় যাওয়ার জন্য সেনাবাহিনীকে ব্যবহার করে তাদের ভাবমূর্তি বিনষ্ট করতে দেয়া হবে না।
তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন হবে নিরপেক্ষ ও সুন্দর। এই নির্বাচনে সেনাবাহিনীর কোন প্রয়োজন হবে না। তিনি বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবৃদ্ধ করাই বিএনপির উদ্দেশ্য। তারা দেশের সব নির্বাচনকে প্রশ্নবৃদ্ধ করতেই নির্বাচনে বার বার সেনা মোতায়নোর দাবি জানায়। বিএনপিকে রাষ্ট্রপতির প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে আবদুর রাজ্জাক বলেন, রাষ্ট্রপতি এখন আর কোন দলের রাজনীতি করেন না। তিনি তার সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করেই একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন। দয়া করে আপনারা রাষ্ট্রপতির ওপর আস্থা রাখুন। আগুন সন্ত্রাস বন্ধ করুন। আগুন সন্ত্রাস করে ক্ষমতায় যাওয়া যায় না।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, দক্ষিণের সহ-সভাপতি নজিবুল হক সর্দার, হুমায়ুন কবির, আলমগীর চৌধুরী, খন্দকার এনায়েত উল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, গোলাম আশরাফ তালুকদার, কাজী মোর্শেদ কামাল, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মসিউর রহমান মোল্লা সজল ও শাহবাগ থানা আওয়ামী লীগ সভাপতি জি. এম. আতিকুর রহমান প্রমুখ।
ইত্তেফাক/এমআই
