নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর সপ্তাহান্তে এসে একে অপরকে ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ডা. সেলিনা হায়াত্ আইভী ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। গত পাঁচ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর গত শনিবার পর্যন্ত দু’জনই ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত ছিলেন। নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময়েও দুই প্রার্থী বলেছিলেন ‘আমরা কাদা ছোড়াছুড়ি করব না।’ সেই অঙ্গীকারের ব্যত্যয় ঘটিয়ে গতকাল রবিবার নাসিকের বিভিন্ন স্থানে প্রচারকালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আইভী বলেছেন ‘সাখাওয়াত বিএনপির লোকই নন, উনি বিএনপির ভাড়াটে প্রার্থী হিসেবে ধানের শীষে ভোট চাচ্ছেন।’ একইদিন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াতও প্রতিদ্বন্দ্বীর উদ্দেশে বলেছেন ‘আইভী দেউলিয়া হয়ে এসব বলছেন।’
এদিকে, ভোট চাইতে গিয়ে ভোটারদের কাছে প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়াচ্ছেন আইভী ও সাখাওয়াত দু’জনই। নির্বাচিত হতে পারলে কে কি উন্নয়ন করবেন, সেটির ফিরিস্তি দিচ্ছেন। গতকালও নাসিকের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে আইভী বলেছেন, সিটি টু সিটি কানেকশন বাস্তবায়নে শহর ও বন্দরের মাঝে শীতলক্ষ্যা নদীতে একটি মৈত্রী সেতু গড়ার পরিকল্পনা অনেকদূর এগিয়ে এনেছি। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন তাহলে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে প্রথমেই আমি দুই নগরীর মানুষের মধ্যে সেতুবন্ধন দৃঢ় করতে এই সেতু নির্মাণের অনুরোধ জানাবো।
সাখাওয়াত বিএনপির ভাড়াটে প্রার্থী: আইভী
সেলিনা হায়াত্ আইভী গতকাল সিটি করপোরেশনের বন্দর এলাকার ২৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের বলেন, নৌকাকে বিজয়ী করতে বিএনপি ও আওয়ামী লীগ এক হয়ে মাঠে নেমেছে। আওয়ামী লীগ ও বিএনপি যেখানে এক হয়ে গেছে, সেখানে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। গতবার জনগণ আমাকে জিতিয়েছে, এবারও আমার ভরসা জনগণই। এসময় নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন সম্পর্কে আইভী বলেন, ‘সাখাওয়াত বিএনপির প্রার্থী হলেও বিএনপির লোকই নন তিনি। ভাড়াটে হিসেবে বিএনপির হয়ে ভোটের মাঠে নেমেছেন।’ নির্বাচনে শামীম ওসমান প্রভাব সৃষ্টি করতে পারেন বলে বিএনপির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘শামীম ওসমান প্রভাব সৃষ্টি করবেন-বিএনপির এমন আশঙ্কার কোনো যৌক্তিকতা নেই। বিএনপির প্রার্থীকে বলবো-জনগণের ওপর ভরসা রাখুন।’
আইভী গতকাল বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি ও শামীম ওসমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এম এ রশিদের বাড়িতে যান। এসময় তিনি ভোট চাওয়ার পাশাপাশি তার (আইভীর) পক্ষে কাজ করারও অনুরোধ করেন। পরে এম এ রশিদ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের মধ্যে কোনো বিভেদ নেই। প্রধানমন্ত্রী বলার পর আইভীর জন্য আমরা সবাই কাজ করছি।
নাসিকের ২৭ নম্বর ওয়ার্ডের কুড়িপাড়া বাজারে গতকাল এক পথসভায় আইভী উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আমি অতীতে যে কাজ করেছি তাতে জনগণ আমাকে ভালবেসেই ভোট দেবে। আমার কারও কাছে ভোট চাইতে হবে না। যে কারণে গত নির্বাচনে দল-মতের ঊর্ধ্বে উঠে আমি ভোট পেয়েছিলাম, এবারও একই কারণে আওয়ামী লীগের ভোট ছাড়াও বিএনপি-জাপার ভোটও পাবো। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, এসেছি দেখা করতে। একই ওয়ার্ডের মদনপুর এলাকায়ও গণসংযোগ করেন আইভী। এরপর মুরাদপুর, চাপাতলী ও ফুলহর এলাকায়ও তিনি সকালে গণসংযোগ করেন।
দুপুরে ২৬ নম্বর ওয়ার্ডের রামনগর, ঢাকেশ্বরী, ইস্পাহানী, লক্ষণখোলা, ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় গণসংযোগ করেন। লালখা এলাকায় প্রচারণা চালানোর সময় ৯৫ বছরের বৃদ্ধা জবেদা খাতুন আইভীকে জড়িয়ে ধরে খেজুর খাওয়ার অনুরোধ জানালে তিনি খেজুর খান। তখন বৃদ্ধা তাকে দোআ করে বলেন, ‘মা আল্লাহই তোকে কামিয়াব করবে।’
আইভীর পক্ষে কেন্দ্রীয় নেতাদের গণসংযোগ
আইভীর নির্বাচন পরিচালনায় মহানগর আওয়ামী লীগের প্রচার কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু জানান, গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল ও সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান বাবলু বন্দরের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দিপুসহ স্থানীয় নেতারাও এসময় উপস্থিত ছিলেন। এছাড়া শহরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইছহাক আলী খান পান্না বিভিন্ন ওয়ার্ডে আইভীর পক্ষে গণসংযোগ করেন।
আইভী দেউলিয়া, বাধা হতে পারেন শামীম: সাখাওয়াত
নাসিকের নিতাইগঞ্জের আমুকপটি এলাকায় গতকাল গণসংযোগকালে বিএনপিসহ ২০ দলের মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান সাংবাদিকদের জানান, সরকারদলীয় প্রার্থীর ইচ্ছার প্রতিফলন ঘটিয়েই নির্বাচন কমিশন নির্বাচনে সেনা মোতায়েন না করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই নির্বাচনে সেনা মোতায়েনের দরকার ছিল। সুষ্ঠু নির্বাচনের জন্য শামীম ওসমান বাধা হতে পারেন-এমন আশঙ্কা জানিয়ে বিএনপির প্রার্থী বলেন, শামীম ওসমান নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করতে পারেন, তার এই প্রভাব বিস্তার ঠেকানোর জন্য ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান জানান তিনি। আইভীর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগের বিষয়ে সাখাওয়াত বলেন, ‘আমি সেরকম লোকই না। আমার বিরুদ্ধে এ অভিযোগের কারণ আইভী দেউলিয়া হয়ে গেছেন। এ কারণেই তিনি এসব কথা বলছেন।’
সাখাওয়াত গতকাল নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের শহীদনগরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। সকালে ১৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ শেষে বিকালে তিনি ২৬ নম্বর ওয়ার্ডের রামনগর, ঢাকেশ্বরী, ইস্পাহানী, লক্ষণখোলা ও ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় গণসংযোগ করেন। এসময় সাখাওয়াত বলেন, জনগণ ভো কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন- সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ, নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপু, আবদুস সবুর সেন্টু, হাজী ইসমাইল, তাহের আলী, আনোয়ার দেওয়ান, অ্যাডভোকেট আবদুল হামিদ খান ভাষানী ও দ্বীন মো. দীলু প্রমুখ।
বিএনপির কেন্দ্রীয় নেতাদের প্রচারণা
গতকাল বিকালে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডে বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও ২০ দলীয় জোটের শরীক এনডিপি’র চেয়ারম্যান গোলাম মোতজা স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি ধানের শীষের প্রার্থী সাখাওয়াতের পক্ষে গণসংযোগ করেন। এছাড়া ১১ নম্বর ওয়ার্ডে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ১৫ নম্বর ওয়ার্ডে ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমে এবং শহরে সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম প্রচারণা চালান।
ইত্তেফাক/এএন
