রায়পুরে মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ১৭:১৯
লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের একদিন পর রোজিনা আক্তার (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে রায়পুর পৌরসভার ৭ নম্বর ওর্য়াডের মিজি বাড়ির সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রোজিনা আক্তার পৌর সভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিক উল্লাহর মেয়ে এবং স্থানীয় খাদিজা কোবরা মহিলা মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্রী।
 
নিহত রুজিনার বাবা সফিউল্যা ও মা মনোয়ারা বেগম বলেন, গত রবিবার (১১ ডিসেম্বর) সকাল নয়টার দিকে রুজিনা মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সন্ধ্যার পর থেকে সম্ভাব্য আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ-খবর নিলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। সোমবার বিকালে মাদ্রাসা থেকে এক-দেড় কিলোমিটার দূরে পৌর ৭নং ওয়ার্ডের একটি সুপারির বাগানের ভেতরে গলায় ওড়না পেচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাদের দাবি রুজিনাকে ‘কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে।
 
রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
 
ইত্তেফাক/এমআই