জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নের পঞ্চম লক্ষ্য (নারীর প্রতি সব ধরণের বৈষম্য নিরসন ও ক্ষমতায়ন) অর্জনে উইম্যান আইসিটি ফ্রন্টিয়ার ইনিশিয়েটিভ (ওয়াইফাই) গ্রহণ করেছে বাংলাদেশ। জাতিসংঘের ওয়াইফাই মডেলের উদ্দেশ্য, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এশিয়া ও এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে নারীদের উদ্যোগী হতে আগ্রহী করে তোলা।
জাতিসংঘের টেকসই উন্নয়নের পঞ্চম লক্ষ্য অর্জনে এশীয় ও প্রশান্ত মহাসাগরের সামাজিক ও অর্থনৈতিক কমিশনের ট্রেনিং সেন্টারের (এশিয়া প্যাসিফিক ট্রেনিং সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনলজি ফর ডেভলেপমেন্ট)সঙ্গে আইসিটি ডিভিশন, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও বাংলাদেশ উইম্যান ইন টেকনোলজি (বিডব্লিউআইটি)’র সহযোগিতায় এই মডেল বাস্তবায়ন করা হবে। আইসিটি মন্ত্রণালয়, বিডব্লিউআইটি ও বিআইআইটির মধ্যে গত ৭ ডিসেম্বর এই সংক্রান্ত মানবসম্পদ কাঠামো গঠনের বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
এই মডেলের মাধ্যমে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নারীদের আইসিটি খাতে উদ্যোক্তা হওয়ার সামর্থ্য বৃদ্ধি করবে। চলতি বছরের জুনে দক্ষিণ কোরিয়ায় এই মডেল গ্রহণ করা হয়। এই প্রোগ্রামের আওতায় ২০১৮ সালের মধ্যে ৩০ হাজার নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া হবে।
ওয়াইফাইয়ের মাধ্যমে নারীদের উদ্যোক্তা হিসেবে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়া সরকারের নেতৃস্থানীয় ও নীতি নির্ধারণই পর্যায়ে থাকা মানুষদের আইসিটি খাতে সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে যাতে আইসিটি সংশ্লিষ্ট নারী উদ্যোক্তাদের সহায়ক পরিবেশ সৃষ্টি হয়।
ইত্তেফাক/এসএসএ
